বগুড়ায় বোনকে উত্ত্যক্ততের প্রতিবাদ করায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা
বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ফাহিম হোসেন (১৯) নামে এক ঢালাই মিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮ টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় সদর উপজেলা পরিষদের সামনে ঘটনা ঘটে। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১ টার দিকে ফাহিমের মৃত্যু হয়। নিহত ফাহিম বগুড়া শহরের মাটিডালি বিমান মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বজনরা জানান, ফাহিমের বড় বোনকে একই এলাকার তনয় নামে এক বখাটে যুবক দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল। দেড় বছর আগে বোনের পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হওয়ার পরও তনয় উত্ত্যক্ত করতে থাকে। ছয় মাস আগে ফাহিমের দুলাভাই সেতুকে তনয় ছুরিকাঘাত করলে স্থানীয় সালিশ বসে। সেখানেও বখাটে তনয় ফাহিম ও তাঁর আরেক ভাই শাহীনকে ছুরিকাঘাত করে৷ এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ আর পরবর্তীতে ব্যবস্থা নেয়নি। আজ সকালে হটাৎ ফাহিম কর্মস্থলে যাওয়ার সময় বখাটে তয়ন তাকে একা পেয়ে বুকে ও পিঠে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় । পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক তদন্ত মাহাফুজ আলম বলেন, অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে গ্রেফতারের চেষ্টা চলছে৷
No comments