বগুড়ায় বিএনপির মিছিল থেকে জুলাই যোদ্ধাকে হামলার অভিযোগ
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বিএনপির নেতাকর্মীর হামলার শিকার হয়ে জুলাই আন্দোলনের যোদ্ধা আসাদুল্লাহ আল গালিব গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ভুসকুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গালিব উপজেলার তেওতা গ্রামের ফেরদৌসুর রহমানের ছেলে। তিনি বগুড়ার মোস্তাফাবিয়া মাদ্রাসার আলিম একাদশ শ্রেণির ছাত্র। এর আগে জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি ডান চোখ হারান।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গালিব মোটরসাইকেলে করে দেওতা এলাকা থেকে শহরের দিকে ফেরার সময় একটি বিএনপির মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন। এ সময় মিছিল থেকে কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে ফেলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তার একটি হাতের শোল্ডার জয়েন্ট স্থানচ্যুত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
আহত গালিব অভিযোগ করে বলেন, হঠাৎ করে মিছিল থেকে তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।
এদিকে বগুড়া-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোশাররফ হোসেন দাবি করেন, তাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলেন। এ সময় ওই যুবক স্পিডে মোটরসাইকেল নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ে এবং একজন কর্মীকে লাথি মারেন। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়সাল পারভেজ অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনের এক যোদ্ধাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। একইসঙ্গে আরও দুই কর্মীকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
No comments