দাঁড়িপাল্লার স্লোগান দেওয়ায় শিশুকে পিটিয়ে হাত ভাঙল স্লোগানকর্মীরা
চ্যানেল টেন ডেস্ক ঃ
ভোলা-০২ আসনে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে দৌলতখান উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন সমর্থকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বাসিন্দা শিশু সাব্বির (১০) রাস্তা দিয়ে হাঁটার সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিচ্ছিল। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহীমের সমর্থক বলে পরিচিত কয়েকজন ব্যক্তি শিশুটির ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। মারধরের একপর্যায়ে শিশুটির একটি হাত ভেঙে যায় এবং সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় সাব্বির মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার জানায়।
আহত শিশুর বাবা মো. জাবের বলেন, ‘আমার ছেলে রাজনীতি বোঝে না। শুধু স্লোগান দিচ্ছিল, এতেই ওর উপর এমন নির্যাতন করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এটিকে নির্বাচনি সহিংসতার উদ্বেগজনক দৃষ্টান্ত উল্লেখ করে দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিএনপি কিংবা সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments