শিরোনাম

ওসমান হাদি হত্যা মামলা প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছাল

চ্যানেল টেন ডেস্কঃ

ইনকিলাব মঞ্চের সাবেক আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। 

বৃহস্পতিবার এক আদেশে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত। 

গত ১৫ ফেব্রুয়ারি এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য ১৯ ফেব্রুয়ারি (গতকাল) দিন ধার্য করেছিল আদালত। তবে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় আগামী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ।

হাদি হত্যা মামলায় গত ৬ জানুয়ারি ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় ঢকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। তবে, অভিযোগপত্রে অসন্তুষ্টি জানিয়ে ১৫ জানুয়ারি নারাজি দেন এ মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। 

পরে মামলাটি তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেয় আদালত। এরপর কয়েক দফায় প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য হয়।গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। 

গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

একপর্যায়ে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠায় সরকার। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় এ মামলাটি করেন।

No comments