শিরোনাম

৯২ ভাগ মুসলমানের দেশ চলবে কোরআনের নিয়মে: চরমোনাই পীর

চ্যানেল টেন ডেস্কঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘৯২ ভাগ মুসলমানের বাংলাদেশ চলবে পবিত্র কুরআনুল কারীমের নিয়মে। স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তারা দুর্নীতির মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম আরও বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে- তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে যে, তারা কুরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র ইসলামী আন্দোলনই পরিষ্কার করেছে তারা কুরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারলে কেবল মুসলমানই নয় বরং অন্যজাতি থেকে শুরু করে পিপীলিকার স্বাধীনতা ইসলামের নীতি আদর্শে নিশ্চিত হবে।

তিনি বলেন, আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচদল একসঙ্গে চলছিলাম একটা বাক্সে দেয়ার জন্যে ইসলামের পক্ষে। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল। আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেব ইসলামের পক্ষে একটা। কিন্তু তারা যখন দেখল সারাদেশের ভেতরে মানুষের পক্ষে ভোট দেয়ার জন্যে, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী। আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।

এ সময় চরমোনাই পীর বলেন, ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে খলিফা ওমরের মতো শাসন প্রতিষ্ঠা সম্ভব। বিএনপি জোট কিংবা জামায়াত জোট কেউই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চায়। তাই হাতপাখা মার্কায় ভোট দিলে দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি মিলবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।

No comments