উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও র্যাবের পোশাকসহ তিনজন গ্রেপ্তার
রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি ও র্যাবের পোশাকসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে মো. রফিকুল ইসলাম ওরফে রবিউল (৫০), মিজানুর রহমান ওরফে মিজান ওরফে নিরব ওরফে মিজু আহমেদ (৩৭) এবং মো. রেজাউল করিম (৩৪)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে উত্তরা পূর্ব থানার আজমপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে কয়েকজন র্যাবের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড কার্তুজ, একটি ডামি পিস্তল, অ্যান্টেনাযুক্ত ব্যাটারিসহ একটি ওয়াকি-টকি সেট, দুই জোড়া হ্যান্ডকাফ, চারটি র্যাবের জ্যাকেট, দুটি র্যাবের ভুয়া পরিচয়পত্র, দুটি পিস্তলের কাভার, একটি রিফ্লেক্টিং জ্যাকেট, একটি স্টিলের হাতুড়ি, কাগজে তৈরি দুটি গাড়ির নম্বর প্লেট, তিনটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৬৭০ টাকা উদ্ধার করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। এছাড়া মিজানুর রহমান ওরফে মিজু আহমেদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

No comments