শিরোনাম

টুঙ্গিপাড়ায় বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু



চ্যানেল টেন ডেস্কঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিয়ের মাত্র ১৫ দিনের মাথায় নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, শারীরিক নির্যাতন চালানোর পর জোরপূর্বক বিষ খাইয়ে তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তন্নী টুঙ্গিপাড়া উপজেলার চরগোপালপুর গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে এবং একই গ্রামের আরিফ উল্লাহ খানের স্ত্রী।

নিহতের বাবা জাহাঙ্গীর খান জানান, আমার মেয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নীর সঙ্গে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ১৫ দিন আগে ওই ছেলে আমার মেয়ের সঙ্গে দেখা করতে আসলে গ্রামের লোকজন ধরে তাদের বিয়ে দিয়ে দেয়। এরপর থেকে আমার মেয়েকে আর শ্বশুরবাড়ি নেয়নি।

গত রোববার আমার মেয়ে নিজের ইচ্ছায় গিয়ে তার শ্বশুড়বাড়িতে ওঠে। পরদিন সোমবার সকালে বাড়িতে এসে আমাকে বলে আমার নামে দুই বিঘার একটি জমি লিখে দিতে বলেছে শ্বশুরবাড়ির লোকজন। এসময় আমি বলি তোকে ভালবাসলে আমি ওই জমি লিখে দিব। এরপর আমার মেয়ে আবারো শ্বশুরবাড়ি চলে যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আমার মেয়েকে বিষ খাওয়া অবস্থায় আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে যায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। পরে আমার ছেলে খবর দিলে আমরা প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ-২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে আমার মেয়ে মারা যায়। আমার মেয়েকে শারীরিক নির্যাতন ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

নিহতরে বোন তানিয়া খানম বলেন, মঙ্গলবার সকালে আমার বোন আমাকে ফোন দিয়েছিল। এসময় আমার বোন বলে তাকে মারধর করা হয়েছে। পরে আমার বোনকে বিষ খাইয়ে আমাদের বাড়ির সামনে ফেলে রেখে যায়। আমরা দোষীদের বিচার চাই।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ ব্যাপারে কোনও অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments