বিয়ের আসরে তুলকালাম: বরের সামনেই কনেকে গুলি করল প্রেমিক
চ্যানেল টেন ডেস্কঃ
বিয়ের আনন্দমুখর আসর মুহূর্তেই পরিণত হলো রক্তাক্ত বিভীষিকায়। বরের সামনেই মঞ্চে দাঁড়িয়ে থাকা কনেকে গুলি করেছে তারই কথিত প্রেমিক। পরিবারের সদস্য ও অতিথিদের চোখের সামনে ঘটে যাওয়া এই হামলায় গুরুতর আহত কনে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, আর অভিযুক্ত যুবক পলাতক। ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় ঘটা এমন ঘটনায় বিয়ের উৎসব মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিহারে পরিবারের সদস্য ও অতিথিদের সামনে মঞ্চে দাঁড়িয়ে থাকা ১৮ বছর বয়সী কনে আরতি কুমারীকে গুলি করে আহত করার অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য বারাণসীতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে বিহারের বক্সার জেলায় ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
জানা যায়, ১৮ বছর বয়সী আরতি কুমারী বিয়ের মঞ্চে তার হবু স্বামীর পাশে দাঁড়িয়ে ছিলেন। চারপাশে ছিলেন আত্মীয়স্বজন ও অতিথিরা। এ সময় এক তরুণী বিয়ের একটি আচার পালন করছিলেন। তিনি প্রথমে তার দুলাভাইয়ের কপালে সিঁদুর পরিয়ে দেন, এরপর একইভাবে আরতির দিকে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তে মঞ্চের সামনে থাকা অতিথিদের ভিড় থেকে এক ব্যক্তি আরতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তার নাভির কাছে পেটে লাগে।
ঘটনার পরপরই চারদিকে হট্টগোল শুরু হয়। কেউ আরতিকে ধরে রাখার চেষ্টা করেন, কেউ আবার আতঙ্কে স্থান ত্যাগ করেন। পরে তাকে দ্রুত নিকটবর্তী সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে বারাণসী ট্রমা সেন্টারে পাঠান। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অভিযুক্ত ওই যুবকের নাম দিনবন্ধু, তিনি কনে আরতি কুমারীর প্রতিবেশী। ঘটনার পর থেকে তিনি পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাকে আটক করা হয়েছে।
অতিরিক্ত স্টেশন হাউস অফিসার চন্দন কুমার জানান, দিনবন্ধু আগে মদ-সংক্রান্ত এক মামলায় জেলে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ আরও জানায়, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি অব্যাহত রয়েছে। আরও কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
No comments