শিরোনাম

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের বিষয়ে যা বললো ডিবি

চ্যানেল টেন ডেস্কঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।

ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ জানান, “ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টটি সত্যিই হ্যাক হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কারা এবং কীভাবে এটি করেছে—সে বিষয়েও তদন্ত চলছে।”

রোববার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এর আগে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এর কিছু সময় পর, প্রায় সাড়ে ৪টার দিকে ওই অ্যাকাউন্ট থেকে অপ্রত্যাশিত ও নারী অবমাননাকর একটি পোস্ট করা হয়।

ডিবি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রযুক্তিগত বিশ্লেষণসহ প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

No comments