শিরোনাম

মাওলানা রেজাউল করীম হত্যার বিচার দাবি স্ত্রীর, হত্যাকারীদের জামিনে ক্ষোভ

 

জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর 

‎শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি সন্ত্রাসীদের হামলায় নিহত মাওলানা রেজাউল করীমের স্ত্রী মারজিয়া হত্যাকারীদের জামিনে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

‎সোমবার এক লিখিত বক্তব্যে মারজিয়া বলেন, তিনি একজন স্ত্রী, একজন অসহায় বিধবা এবং দুই এতিম সন্তানের মা হিসেবে দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে জাতির বিবেকের সামনে দাঁড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি ২০২৬ স্থানীয় সন্ত্রাসীরা তার স্বামী মাওলানা রেজাউল করীমকে নির্মমভাবে হত্যা করে।

‎তিনি আরও বলেন, স্বামী হত্যার শোক এখনো কাটিয়ে উঠতে না উঠতেই তিনি জানতে পারেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আসামিদেরকে মহামান্য হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। বিষয়টি তাকে গভীরভাবে মর্মাহত করেছে।

‎মারজিয়া প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের পরও কাদের ইশারায় হত্যাকারীদের জামিন মঞ্জুর হলো। এ বিষয়ে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভূমিকা কী ছিল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবিরা আদালতে উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে হত্যাকারীরা জামিন পেল—তা তিনি জানতে চান।

‎তিনি বলেন, “তাহলে কি ফ্যাসিস্টদের উত্তরসূরীরা এখনো অ্যাটর্নি জেনারেলের অফিসে বহাল আছে?”

‎ রেজাউল করীমের স্ত্রী রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অ্যাটর্নি জেনারেল কোনো দলের নন, তিনি রাষ্ট্রের আইনজীবি। তিনি যেন দ্রুত উচ্চ আদালতে আপিল করে হত্যাকারীদের জামিন বাতিলের ব্যবস্থা গ্রহণ করেন। অন্যথায় জনগণ তাকে ফ্যাসিস্টদের দোসর হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে বলেও তিনি মন্তব্য করেন।

‎বক্তব্যের শেষাংশে তিনি বলেন, মাওলানা রেজাউল করীমের রক্ত বৃথা যেতে পারে না। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”

‎বিষয়টি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

No comments