ধুনট উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকসহ তার স্ত্রী সন্তানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা ও তার স্ত্রী সন্তানকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে উপজেলার হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে ভুক্তভোগী পরিবারসহ প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য পলি আক্তার অভিযোগ করে বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলাদলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও তাদের মাদকাসক্ত ছেলে নাফিস ফয়সাল আকাশ শুক্রবার উপজেলার উল্লাপাড়া গ্রামের বাসিন্দা সিগারেট কোম্পানি জাপান টোব্যাকোর মার্কেটিং অফিসার চপল মাহমুদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। সন্ত্রাসীরা শুধু তাকে মেরেই ক্ষ্যান্ত হইনি তার কাছে থাকা কোম্পানি সিগারেট বিক্রির ১ লাখ টাকাও ছিনিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন, বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাদকাসক্ত ছেলে আকাশের সন্ত্রাসী কর্মকাণ্ড দিনকে দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে এক তরুণী প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তার মাকে ছুরিকাঘাত করে। সেই সময় স্থানীয়দের তোপের মুখে অবস্থা বেগতিক বুঝতে পেরে আবুল মুনসুর আহমেদ পাশা নাটক সাজিয়ে ছেলে আকাশকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পরদিনই তিনি আকাশকে জামিনে বের করে এনে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলেছেন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রাও বিএনপি নেতা পাশা ও তার স্ত্রী সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

No comments