শেরপুর সদর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক
শেরপুর, ৯ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার):
শেরপুর জেলার সদর উপজেলার শাপমারি ও ভাতশালা ইউনিয়ন এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় হারেজ মিয়া নামে একজন চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়।
আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি শটগান উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত শটগানটি ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
No comments