তারেক রহমান অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করবেন: মির্জা ফখরুল
চ্যানেল টেন ডেস্কঃ
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ে দেশের মানুষের আস্থা অর্জন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নেতৃত্বে দেশের মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আশা করি দল এবং সরকার তার নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের প্রতি দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে।
স্মৃতিচারণ করে তিনি বলেন, এই কার্যালয়েই ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি তার আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রণালয়ের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেয়া হবে।
No comments