শিরোনাম

সরকারি কর্মকর্তার নির্বাচনী মাঠে সক্রিয়তা: দল বদলে বিএনপির প্রচারণায় যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার কাহালু উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক স্বপনকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। 

অভিযোগ উঠেছে, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই সরকারি কর্মকর্তা বর্তমানে শাজাহানপুর এলাকায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একজন সরকারি চাকরিজীবী হয়েও প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বিষয়টিকে সরকারি কর্মচারীদের আচরণবিধির পরিপন্থী বলে মন্তব্য করছেন।

সচেতন মহলের দাবি, সরকারি দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করা প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্ন তোলে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে এনামুল হক স্বপনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে প্রশাসনের দায়িত্বশীল সূত্র বলছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঘটনাটি নিয়ে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

No comments