শিরোনাম

বগুড়ায় বোরকা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মহিলা জামায়াত নেত্রীর

বগুড়া প্রতিনিধিঃ

নারীদের বোরকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের ঘটনায় বগুড়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ, বগুড়া শহর শাখা।

মহিলা জামায়াতের অভিযোগ, সবুর শাহ লোটাস নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে বোরকা পরিহিতা মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গাত্মক ও অবমাননাকর মন্তব্য করেন। ওই পোস্টে বোরকাকে ‘গিফট’ হিসেবে আখ্যা দিয়ে কটূক্তি করা হয়, যা পর্দানশীল নারীদের সম্মান ও মর্যাদার ওপর সরাসরি আঘাত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা জামায়াত জানায়, ইসলামে নারীদের জন্য পর্দা করা ফরজ এবং বোরকা সেই পর্দার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অথচ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বোরকা পরিহিতা মা-বোনদের সঙ্গে অশালীন আচরণ, শারীরিকভাবে লাঞ্ছিত করা, বোরকা ধরে টানাটানি এবং পোশাক খুলে নেওয়ার হুমকির মতো গুরুতর অভিযোগ সামনে আসছে। এমন প্রেক্ষাপটে বোরকা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য নারীদের নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের ওপর নগ্ন আঘাত বলে মন্তব্য করে সংগঠনটি।

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেতাকর্মীরা নিজেদের অর্থেই বোরকা তৈরি ও পরিধান করেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে বোরকা উপহার নেওয়ার প্রশ্নই ওঠে না। এ ধরনের বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে বলে দাবি করা হয়।

মহিলা জামায়াত বোরকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ও বিদ্বেষমূলক মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট পোস্টদাতাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। অন্যথায় ইসলামী বিধান অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত সাড়ে আটটার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম বেগম মুন্নি।

No comments