শিবগঞ্জে নারী উত্যক্তের ঘটনায় সংঘর্ষ ছুরিকাঘাতে দুই ছাত্রদল নেতা আহত
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলে এক নারীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে ছাত্রদল ও নাগরিক ঐক্য’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুই ছাত্রদল নেতা আহত হয়েছেন।
শুক্রবার (রাত ৮টার দিকে) উপজেলার বিহার ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বিহার উত্তরপাড়া গ্রামের মিলনের ছেলে ৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক আলিফ (২২) এবং ভাসু বিহার গ্রামের মন্টু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিক (২৫)।
আহত আলিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। অপর আহত আতিক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আতিক অভিযোগ করে বলেন, ইউনিয়ন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, তার ছেলে মোহনসহ ৭–৮ জন সংঘবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে সাবেক বিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু বলেন, ছাত্রদল নেতা আলিফের চাচাতো বোনকে উত্যক্ত করা হলে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দুইজনকে গুরুতর আহত করে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ওয়াজ মাহফিলে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তাদের দলের কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না। প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments