গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
বগুড়ার গাবতলী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একটি পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ কয়েকজনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী মো. রতন মিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মিজান মিয়া ও তার পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়, দেলোয়ার মিয়া, শাহজাহান, হাসান মিয়া ও মোস্তাফিজুর রহমানসহ অজ্ঞাত আরও ৮–১০ জন বাড়িতে অনধিকার প্রবেশ করে রতন মিয়ার স্ত্রী সীমা বেগম, ছেলে সিয়াম ও মেয়ে রিফা আক্তারকে মারধর করে। এ সময় তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা সীমা বেগম ও রিফা আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেয়, যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। পাশাপাশি ঘরের শোকেসে রাখা নগদ তিন লাখ ২০ হাজার টাকা লুট করা হয়। এছাড়া বাড়ির পাশে থাকা ৩০ থেকে ৩৫টি কলাগাছ কেটে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে।
রতন মিয়া আরও অভিযোগ করেন, হামলার সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারটিকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা করে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. রতন মিয়া গাবতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গাবতলী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments