শিরোনাম

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক সেনাসহ আটক পাঁচজন

চ্যানেল টেন ডেস্কঃ
নীলফামারীর ডিমলায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক সেনাসহ আটক পাঁচজন।
সেনা সদস্যকে আটক ও বিয়ের পর পুলিশি অভিযানে বর-কনেসহ পাঁচজন থানায় নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার মতিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সংশ্লিষ্ট সেনা সদস্যসহ পাঁচজন পুলিশি হেফাজতে রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার দক্ষিণ খরিবাড়ী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং সাভার ক্যান্টনমেন্টে কর্মরত সেনা সদস্য মো. আলী হোসেনের সঙ্গে মতিরবাজার এলাকার এক কলেজছাত্রীর তিন থেকে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ রয়েছে, বিয়ের আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে সেনাবাহিনীতে যোগদানের পর বিয়ে নিয়ে গড়িমসি শুরু হলে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।

সোমবার রাতে আলী হোসেন প্রেমিকার বাড়িতে দেখা করতে গেলে স্থানীয় জনতা ও মেয়ের পরিবারের সদস্যরা তাকে আটকে রাখেন। উভয় পক্ষের বক্তব্য শুনে এবং সম্পর্কের বিষয়টি স্বীকার করার পর স্থানীয়দের উপস্থিতিতে এক প্রতিবেশীর বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

এদিকে সেনা সদস্যের পরিবার বিষয়টি নিয়ে থানায় একটি এজাহার দায়ের করে। বিয়ের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবদম্পতিসহ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দীর্ঘদিনের সম্পর্কের কারণে বিয়ের আশ্বাসে তিনি ওই সেনা সদস্যকে বিশ্বাস করেছিলেন। পরে তার আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অপরদিকে সেনা সদস্য জানান, প্রশিক্ষণ শেষে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল এবং ছুটিতে বাড়ি এসে দেখা করতে গেলে তাকে আটকে রেখে বিয়ে দেওয়া হয়।

সেনা সদস্যের বাবা দেলোয়ার হোসেন বলেন, ছেলের নিখোঁজের খবরে তিনি থানায় অভিযোগ করেছিলেন। পরবর্তীতে বিষয়টি মীমাংসার অনুরোধ জানালেও মামলা রেকর্ড হওয়ায় তা সম্ভব হয়নি।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে সেনা সদস্যসহ পাঁচজনকে আটক করা হয়েছে। যেহেতু মামলা রেকর্ড হয়েছে, তাই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

No comments