শিরোনাম

কাল জকসু নির্বাচন: কারা জিতবে শিবির না ছাত্রদল?


চ্যানেল টেন ডেস্ক ঃ

 বহুল প্রতীক্ষার পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। এই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সব শিক্ষার্থীর মনে একটি প্রশ্ন কারা জিতবে শিবির না ছাত্রদল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ডিজিটাল ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে। ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোট শুরুর আগে সকালেই ব্যালট পেপার ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

নির্বাচন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয়ের সামনের ভিক্টোরিয়া পার্কে পুলিশের একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশন কর্তৃক ইস্যুকৃত আইডি কার্ড/পাস ছাড়া কেউ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, “আমরা ৬ জানুয়ারি জকসু নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে গৃহীত সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও পর্যালোচনা করা হচ্ছে, যাতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা যায়। শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

No comments