শিরোনাম

নাটোর-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি

 সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোর-৩ (সিংড়া) আসনে ১০ দলীয় জোটের শরিক এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছে জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজ।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় এনসিপির জেলা সদস্য সচিব প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তার প্রার্থীতা বাতিলের দাবি জানান বিক্ষোভকারীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, প্রফেসর এস এম জার্জিস কাদির বাবুর বিরুদ্ধে অতীত ভূমিকা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে। এমন একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে ১০ দলীয় জোটের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রার্থীকে এ আসনে মেনে নেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে প্রার্থী পরিবর্তন না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানী, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

কর্মসূচি চলাকালে মহাসড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

No comments