শিরোনাম

বন্ধুর হাতে বন্ধু খুন

চ্যানেল টেন ডেস্ক ঃ

রংপুরে বন্ধুর চাবির আঘাতে আমিনুল ইসলাম (৩৮) নামের এক অটোচালক মারা গেছেন। এ ঘটনার পর অভিযুক্ত বন্ধু বিজয় পালিয়ে যায়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে নগরীর তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে রংপুর নগরীতে বসবাস করে অটোচালনা করতেন। অভিযুক্ত বিজয়ও পেশায় একজন অটোচালক এবং দুজনই তাঁতিপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

এলাকাবাসী জানান, প্রায় তিন দিন আগে আমিনুল ও বিজয়ের মধ্যে একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

সেসময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন এবং মীমাংসা করে দেন। তবে ওই ঘটনার রেশ কাটেনি। মঙ্গলবার সকালে দুজনের মধ্যে আবারও তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত বাগবিতণ্ডায় রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কথা-কাটাকাটির এক পর্যায়ে বিজয় তার হাতে থাকা একটি চাবি দিয়ে আমিনুল ইসলামের বুকে সজোরে আঘাত করে।

আঘাতে আমিনুল মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন ছুটে আসার আগেই অভিযুক্ত বিজয় পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আমিনুলকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, হত্যাকাণ্ডটি কিভাবে এবং কী কারণে সংঘটিত হয়েছে-তা বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এলাকাবাসীরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক থাকা সত্ত্বেও সামান্য বিরোধ থেকে এমন মর্মান্তিক পরিণতি অত্যন্ত দুঃখজনক। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।

এ ঘটনায় পুরো তাঁতিপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত আমিনুল ইসলামের সহকর্মী অটোচালকরাও ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন।

No comments