বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী রতন-সুমন চক্রের চাঁদাবাজি, গ্রেফতার-১
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনালে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদা দাবি ও মারধরের ঘটনায় উত্তেজিত জনতা একজনকে আটক করলে পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আটক ব্যক্তি মোঃ আব্দুল হান্নান (৫৫), পিতা—মৃত এরফান পাইকার, তিনি বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা।
মামলার অন্য আসামিরা হলেন— মোঃ রতন (৩৩), মোঃ সুমন (৩০), মোঃ প্রিন্স মাহমুদ (৪২), মোঃ পলাশ (৪৫) ও মোঃ ফুয়াদ হোসেন (৩৫)।
এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ঠনঠনিয়া কোচ টার্মিনালের প্রতিটি কাউন্টার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।
পাশাপাশি কাউন্টারপ্রতি মাসিক মোটা অঙ্কের চাঁদা দাবি করা হতো। চাঁদা দিতে দেরি হলে সংশ্লিষ্ট কাউন্টারের কর্মচারীদের মারধর ও কাউন্টার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হতো।
ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা ধারালো দা হাতে নিয়ে টিআর ট্রাভেলস কাউন্টারে গিয়ে চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে বিলম্ব হওয়ায় কাউন্টারের বুকিং মাস্টার মোঃ রইচ উদ্দিনকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা টার্মিনালের সব কাউন্টার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় উপস্থিত উত্তেজিত জনতা একজনকে আটক করে মারধর করে।
পরে খবর পেয়ে বনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার এজাহারের ভিত্তিতে পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments