শিরোনাম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-১ আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামকে শোকজ

চ্যানেল টেন ডেস্কঃ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনের বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলামকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নোটিশে উল্লেখ করা হয়, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা গেছে—গত ২২ জানুয়ারি সোনাতলা উপজেলার বালুয়াহাটে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ভোটারদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ২৩ জানুয়ারি সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের একটি মসজিদে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। এ দুটি ঘটনাই নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রেক্ষিতে গত ২৪ জানুয়ারি ডাকযোগে কাজী রফিকুল ইসলামকে শোকজ নোটিশ পাঠানো হয়। নোটিশটি পাঠিয়েছেন বগুড়া-১ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোছা. শামীমা খাতুন।

নোটিশে আরও বলা হয়েছে, অভিযুক্ত প্রার্থী অথবা তাঁর প্রতিনিধিকে আগামী ২ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত ভবনে অবস্থিত কমিটির কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। কেন তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে লিখিত বক্তব্য দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

No comments