অপারেশন থিয়েটারের ভেতর চুলা, রান্না করছেন নার্সরা
চ্যানেল টেন ডেস্ক ঃ
ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে প্রসূতি সেবায় অব্যবস্থাপনা চলছে। যেখানে জীবাণুমুক্ত পরিবেশে সিজারিয়ান অপারেশন হওয়ার কথা, সেখানে গত দুই বছর ধরে অপারেশন থিয়েটারকেই ব্যবহার করা হচ্ছে রান্নাঘর ও বিশ্রামকক্ষ হিসেবে। গ্যাসের চুলায় রান্নাবান্না, অবাধ যাতায়াত ও শৃঙ্খলাহীনতার কারণে সংক্রমণের উচ্চঝুঁকিতে পড়ছেন প্রসূতি মা ও নবজাতকরা।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে রান্নার এ ঘটনার বিষয়টি জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জানা যায়, হাসপাতালের কয়েকজন নার্স অপারেশন থিয়েটারের কক্ষে গ্যাসের চুলায় পিঠা তৈরি করছেন, অন্যরাও অবাধে আসা-যাওয়া করছেন। সম্প্রতি এ নিয়ে ছডিয়ে পড়া এমন একটি ভিডিও ক্লিপে বিষয়টি প্রকাশ্যে আসে। এর ঠিক পাশের কক্ষে চলছে সিজারিয়ান অপারেশন। সেখানেও রোগীর স্বজন ও বহিরাগতদের অবাধে চলাফেরা করতে দেখা গেছে।
No comments