ক্যানেলে ভাসছিল ড্রামভর্তি লাশ, স্থানীয়দের সহায়তায় উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেলে ভাসতে থাকা একটি ড্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের সহায়তায় আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে গোদনাইল নয়াপাড়া হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি এলাকার একটি ক্যানেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে তাদের সন্দেহ হলে তারা সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ড্রামটি উদ্ধার করে।
পরে ড্রামের মুখ খুললে ভেতরে একটি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। মরদেহটিতে পচন ধরতে শুরু করেছিলো বলে জানা যায়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
No comments