শিরোনাম

ঝুঁকিতে থাকা প্রার্থীদের জন্য বৈধ অস্ত্র চান নুর

চ্যানেল টেন ডেস্কঃ

বুধবার (২১ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতীক বরাদ্দ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় নুর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি মনে করেন, জাতীয় পর্যায়ের নেতৃত্বে থাকা প্রার্থীরা বিশেষ ঝুঁকিতে থাকেন। সে কারণে একেবারেই উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে নিরাপত্তা বিবেচনায় বৈধ অস্ত্র রাখার সুযোগ থাকতে পারে। তবে অন্যদের অস্ত্র সাময়িকভাবে জমা নেয়া প্রয়োজন।

নুর আরও বলেন, এবারের নির্বাচন জনগণের কাছে অত্যন্ত প্রত্যাশিত। অতীতের নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সংকুচিত ছিল, যা দেশকে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটে ঠেলে দিয়েছে। পরিবর্তিত বাস্তবতায় অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

জাতীয় নির্বাচন ও আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই নির্বাচন কেবল সংসদ সদস্য নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নাগরিক অধিকার, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যেই নির্বাচনকে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হিসেবে দেখছেন তিনি।

নির্বাচনী এলাকার উন্নয়ন প্রসঙ্গে নুর জানান, পটুয়াখালী-৩ এলাকার শিক্ষা, ক্রীড়া ও কৃষি খাতে ঘাটতি রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের মেধা বিকাশ এবং কৃষকদের সার ও কীটনাশকের সহজ প্রাপ্যতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয়ার কথা জানান তিনি।

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে এলাকাটিকে রোল মডেল হিসেবে গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক সহিংসতা প্রসঙ্গে নুর বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় সংঘাত ও প্রতিহিংসার রাজনীতি চলে আসছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন নুরুল হক নুর। একই দিন সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।


No comments