শিরোনাম

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। পারিবারিক কারণ দেখিয়ে তিনি দলীয় পদসহ রাজনীতির সকল কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

পদত্যাগকারী নেতা হলেন ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন। তিনি নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত সহিমুদ্দিন আকন্দের ছেজানা যায়, মোঃ ইব্রাহীম হোসেন স্থানীয় দৈনিক করতোয়া পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

বিজ্ঞাপনে তিনি উল্লেখ করেন, পারিবারিক কারণের কারণে তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের রাজনীতি ও সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি গ্রহণ করেছেন।

বজ্ঞাপনে আরও বলা হয়, ঘোষণার দিন থেকেই আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। বিজ্ঞাপনটিতে তিনি নিজ হাতে স্বাক্ষর করে বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞাপনটির রেফারেন্স নম্বর হিসেবে পি-৪৭৫৫/২৫ উল্লেখ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় যুবদলের নেতা আল আমিন বলেন, ইব্রাহীম হোসেন দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার হঠাৎ পদত্যাগের ঘোষণায় নিমগাছি ইউনিয়নসহ ধুনট উপজেলার রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

তবে পদত্যাগের পেছনে পারিবারিক কারণ ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা সাংগঠনিক কারণ রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিমগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলে খোদা তুহিন বলেন, বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। তবে তিনি এ বিষয়ে এখন পরযন্ত কোন কিছু জানেন না জেনে বিস্তারিত জানানো হবে।

এ বিষয়ে ইব্রাহীম হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

No comments