শিরোনাম

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য আটক, উদ্ধার বিপুল সরঞ্জাম

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সদর উপজেলার বারপুর এলাকায় একটি ফিলিং স্টেশনে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত দেশীয় অস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১টায় বগুড়া সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বগুড়া সদরের বারপুর এলাকায় অবস্থিত বগুড়া সিএনজি ফিলিং স্টেশন ও এমআর ব্রাদার্স ডিস্ট্রিবিউশন হাউজে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি চালায়।

ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা একটি মিনি ট্রাকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাৎক্ষণিক ধাওয়া দিলে ডাকাতরা ট্রাকটি ফেলে রেখে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

ঘটনার পর সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জ্যাক, দুটি অক্সিজেন গ্যাস সিলিন্ডার, ছয়টি লোহার পাইপ, শর্টগানের চার রাউন্ড গুলি, চারটি হাসুয়া, একটি চাকু ও বিভিন্ন ধরনের রশি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসিন্দা মোদাচ্ছের হোসেন (২৯) এবং নোয়াখালী জেলার কবিরহাট থানার ইউসুফ লরি (৪৭)। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুনিরুল ইসলাম, ডিবির (ওসি) ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম, সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান এবং মামলার তদন্তকারী কর্মকর্তা রাজু আহমেদ। পুলিশ জানায়, ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments