সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় জামায়াত নেতা আবুল হাশেমের শেষ বিদায়
চ্যানেল টেন ডেস্কঃজামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলা ফুটবল মাঠে তৃতীয় দফা জানাজা শেষে উপজেলার ওয়াবদা কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার রাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে মরহুমের গ্রামের বাড়িতে প্রথম দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।
হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় দফা জানাজায় জামায়াত ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা অধ্যাপক আবুল হাশেমের দীর্ঘ রাজনৈতিক জীবন, আদর্শ ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন।
মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দফা জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া ও যশোর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীন, কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল গফুর, সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর আমির মো. এনামুল হক, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন জসিম, জেলা টিম সদস্য অধ্যাপক জুমারত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুফতি আমির হামজা, কুষ্টিয়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দীন, ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং কুষ্টিয়া-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী রাগীব রউফ চৌধুরী।
মরহুম অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ইন্তেকালে কুষ্টিয়ার রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন জানাজায় অংশ নেওয়া নেতাকর্মীরা।
No comments