বগুড়ার দুপচাঁচিয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, কানের স্বর্ণের দুল লুট
শনিবার দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত আনেছা বিবি ওই গ্রামের মৃত তছির উদ্দিনের স্ত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার ছেলে আমজাদ হোসেন বিজিবিতে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আনেছা বিবির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায়।
একই গ্রামের মো. মিজানুর রহমান নিয়মিত তাকে দেখাশোনা করতেন। শনিবার দুপুরে খোঁজ নিতে এসে তিনি শয়নকক্ষে আনেছা বিবিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আদমদীঘি ও দুপচাঁচিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ হোসেন এবং দুপচাঁচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাসিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
No comments