বগুড়ায় গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চাইলেন আসিফ মাহমুদ
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে তারা আবারও বিপদের মুখে পড়বে। একই সঙ্গে এতে দেশ একটি ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (আজ) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে অবহেলিত বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বগুড়াকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
No comments