শিরোনাম

যৌথবাহিনীর বিশেষ অভিযানে পাথরঘাটায় বিএনপি–জামায়াতের ৮ কর্মী গ্রেপ্তার

চ্যানেল টেন ডেস্ক ঃ

বরগুনার পাথরঘাটায় নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে একাধিক ব্যক্তি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ের করা বিভিন্ন ফৌজদারি মামলার আসামি। অভিযানের সময় ৮টি অবৈধ যানবাহন জব্দ করা হয়। পাশাপাশি সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই অভিযানে বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পাথরঘাটায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখার প্রধান ইন্সপেক্টর আনোয়ার হোসেন মুঠোফোনে জানান, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা চলমান থাকবে।

এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, অভিযান অব্যাহত থাকলে দ্রুত এলাকায় স্থিতিশীল পরিবেশ ফিরে আসবে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রাতের বেলায় আতঙ্ক ছড়াতে জামায়াতের নেতাকর্মীরা লাঠি মিছিলও করেছে।

No comments