শিরোনাম

বগুড়ার শাজাহানপুরে ক্লাস চলাকালে স্কুল মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ক্লাস চলাকালীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশ আয়োজন করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খলিশাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছিল। 

বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টনসহ দলীয় নেতাকর্মীরা বিদ্যালয় মাঠে এসে বক্তব্য দেন। মাইকের উচ্চ শব্দে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, সমাবেশ আয়োজনের বিষয়ে আগে থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে কোনো কিছু জানানো হয়নি। তিনি বলেন, “মাইকের শব্দে কিছুটা সমস্যা হলেও আমরা বিকাল ৪টা পর্যন্ত ক্লাস চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি।”

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, “বিষয়টি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হিসেবে জানা মাত্রই তাৎক্ষণিকভাবে সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।”

No comments