বগুড়ার শিবগঞ্জে দাঁড়িপাল্লার নির্বাচনী অফিসে হামলা, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের দাবি
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার ২৭ জানুয়ারি বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পূর্বপরিকল্পিতভাবে একদল দাঙ্গাবাজ ও ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ নির্বাচনী অফিসে হামলা চালায়।
হামলাকারীরা অফিস ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
এ হামলায় জামায়াতে ইসলামীর কিচক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহ জালাল, সমর্থক মো. রশিদুল ইসলাম ও মো. আবু তাহের গুরুতর আহত হন। আহতদের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এক পর্যায়ে মো. শাহ জালালকে গলা চেপে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযোগ পাওয়ার পর পুলিশ, সেনাবাহিনী এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা সম্পর্কে অবগত হন।
সংবাদ সম্মেলনে বাদী ও জামায়াতে ইসলামী কিচক ইউনিয়নের আমীর মো. মোফাজ্জল হোসেন জানান, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করা হলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তারে কোনো দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।
এতে জনমনে প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, এ ধরনের হামলা গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি।
বিষয়টি নির্বাচন কমিশনের জেলা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার, আহতদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করা হয়।
No comments