জামায়াতের পোস্টারের সামনে প্রস্রাব ও রক্তমাখা টিস্যু—গাবতলীতে নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ
শাজাহানপুর প্রতিনিধি আবু ছাইমঃ
নির্বাচনী প্রচারণার মাঝেই বগুড়ার গাবতলীতে এক ন্যক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গাবতলী থানাধীন রামেশ্বরপুর ইউনিয়নে ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে বগুড়া-০৭ গাবতলী–শাজাহানপুর আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানীর পোস্টারের সামনে প্রস্রাবভর্তি কাপ ও রক্তমাখা টিস্যু ঝুলতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোস্টারের নিচে তিনটি স্বচ্ছ প্লাস্টিকের কাপে বিভিন্ন রঙের তরল—যা প্রস্রাব বলে ধারণা করা হচ্ছে।
কাপগুলোর সঙ্গে হাতে লেখা একটি নোট সংযুক্ত ছিল। পাশেই সুতা দিয়ে ঝুলিয়ে রাখা টিস্যু কাগজে লাল রঙের দাগ দেখা যায়, যা অনেকের ধারণায় রক্ত। সেখানেও আরেকটি হাতে লেখা বার্তা সংযুক্ত ছিল।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের নোংরা ও উসকানিমূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক।
তাঁদের ভাষ্য, এটি পরিকল্পিত অপচেষ্টা এবং রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাড়তি নজরদারি ও নিরাপত্তা জোরদারের দাবি উঠেছে।
No comments