বেশি দামে এলপি গ্যাস বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
জেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে মেসার্স জেনারেল গ্যাস হাউজের মালিক সৈয়দ খাইরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শহরের দোয়ারপাড়া এলাকায় অবস্থিত জেনারেল গ্যাস হাউজের গোডাউনে এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য এক হাজার ২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি প্রতি সিলিন্ডার ৮০ টাকা বেশি দামে বিক্রি করছিল।
এ বিষয়ে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, “সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করার জন্য সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এখনো সরকারিভাবে গ্যাসের দাম বাড়ানো হয়নি। অথচ মাগুরার এই প্রতিষ্ঠানটি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করছিল।”
তিনি বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”অভিযানকালে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
No comments