শিরোনাম

মাগুরায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল



মাগুরা জেলা প্রতিনিধি 

মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকেলে বাল্যবাজার মাঠে এ কর্মসূচি পালিত হয়।

শোকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, পিকুল খান ও আলমগীর হোসেন। এছাড়া জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, নাজমুল হাসান লিটন, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শোকসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

No comments