খোলা বুকে উড়ানো জুলাইয়ের পতাকা, তারেক রহমানের হাতে তুলে দিলেন মুত্তাকিন
২০২৪ সালের ১৮ জুলাই ছাত্র–জনতার গণঅভ্যুত্থান চলাকালে যে জাতীয় পতাকাটি উড়িয়ে দেশবাসীকে আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ করেছিলেন ছাত্রদল কর্মী মুত্তাকিন, সেই ঐতিহাসিক পতাকাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে মুত্তাকিন নিজ হাতে জাতীয় পতাকাটি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছাত্র–জনতার আন্দোলনের সময় মুত্তাকিন খোলা বুকে জাতীয় পতাকা উড়িয়ে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিলেন। সেই সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ ও দমন-পীড়নের নির্মম বাস্তবতার মধ্যেও তার এই সাহসী অবস্থান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রতীক হিসেবে আন্দোলনে নতুন গতি এনে দেয়।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ওই ঐতিহাসিক দিনে উড়ানো জাতীয় পতাকাটি দেশ ও বিদেশে অবস্থানরত মানুষকে গণঅভ্যুত্থানের পক্ষে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই স্মরণীয় প্রতীক হিসেবেই পতাকাটি আজ সাক্ষাৎ শেষে দলের চেয়ারম্যান তারেক রহমানের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।
বিএনপি নেতারা মনে করেন, এই জাতীয় পতাকা শুধু একটি কাপড় নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক সাহসী অধ্যায়ের সাক্ষ্য। ছাত্র–জনতার আন্দোলনে তরুণদের আত্মত্যাগ ও নির্ভীক অবস্থানের প্রতীক হিসেবেই পতাকাটিকে দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, মুত্তাকিনের সেই সাহসী ভূমিকা গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
No comments