শিরোনাম

ধুনটে নির্বাচনকে ঘিরে উত্তেজনা: বিএনপির হামলার অভিযোগ, হাসপাতালে ৭ জামায়াত নেতাকর্মী

চ্যানেল টেন ডেস্ক ঃ

বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের প্রচারকালে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের সাতজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার ১৭ জানুয়ারি  বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন— এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০) এবং নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জামায়াতের সাতজন নেতাকর্মী আহত হন।

জামায়াতের বগুড়া-৫ আসনের এমপি প্রার্থী অভিযোগ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ধরনের ঘটনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের অপচেষ্টা জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রশাসনকে দ্রুত বিষয়টি আমলে নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান জামায়াত নেতৃবৃন্দ।

তবে অভিযোগ অস্বীকার করে এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী বলেন,নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। তবে হামলা বা মারধরের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন,নির্বাচনী প্রচার নিয়ে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

No comments