বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবির কঠোর নিরাপত্তা প্রস্তুতি সংবাদ সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।
তিনি বলেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে বিজিবি। সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়।
ভোটারদের নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।
একই সঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণমূলক কার্যক্রমও চালানো হচ্ছে।
নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
এ সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ যেকোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ রোধে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি, ডিজিটাল মনিটরিং, বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ও থার্মাল ইমেজিং ডিভাইস ব্যবহারের পাশাপাশি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।
এর ধারাবাহিকতায় গত এক মাসে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ২টি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বগুড়া জেলার ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন।
নির্বাচনকালীন গোয়েন্দা নজরদারিতে ড্রোন ব্যবহারের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
পরিশেষে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
No comments