ঋণ খেলাপি পুনরায় প্রমাণিত হওয়ায় নির্বাচনে অযোগ্য হলেন বিএনপির প্রার্থী কাজী রফিক
চ্যানেল টেন ডেস্ক :
ঋণ খেলাপির অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারালেন বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া দুই প্রার্থীর একজন ছিলেন।
উচ্চ আদালতের সর্বশেষ এক আদেশে কাজী রফিকুল ইসলামকে পুনরায় ঋণ খেলাপি হিসেবে ঘোষণা করা হয়। এর ফলে প্রচলিত নির্বাচনী আইন অনুযায়ী তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
জানা যায়, বেসরকারি দুটি ব্যাংক থেকে নেয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কাজী রফিকুল ইসলাম প্রায় ৭৬৫ কোটি টাকার ঋণ খেলাপিতে পরিণত হন। নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে তিনি ঋণ পরিশোধ না করেই উচ্চ আদালত থেকে একটি স্থগিতাদেশ (স্টে অর্ডার) আদায় করেন। ওই আদেশে বাংলাদেশ ব্যাংককে তার নাম ঋণ খেলাপির তালিকা ও সিআইবি প্রতিবেদনে অন্তর্ভুক্ত না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে রিট করলে আদালত আগের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। ফলে কাজী রফিকুল ইসলাম আবারও আইনগতভাবে ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হন।
এর আগে ঋণ খেলাপিসহ হলফনামায় একাধিক তথ্যগত অসঙ্গতি থাকার অভিযোগ সত্ত্বেও বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এতে সোনাতলা ও সারিয়াকান্দি এলাকার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
আদালতের সর্বশেষ রায়ের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় বিএনপির তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের অভিযোগ, এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির সংকটকালে সংস্কারপন্থী হিসেবে পরিচিত কাজী রফিক ২০০৬ সালের পর দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত ছিলেন। এমনকি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর মাত্র দুই দিন এলাকায় অবস্থান করেই ফিরে যান তিনি।
স্থানীয় নেতাকর্মীরা আরও দাবি করেন, গত সতেরো বছরের বেশি সময় ধরে দলীয় নেতাকর্মীরা নানা নির্যাতনের মুখে পড়লেও কাজী রফিকুল ইসলামকে কখনো পাশে পাওয়া যায়নি। বরং ডেভেলপার ব্যবসার আড়ালে প্রভাবশালী মহলের সঙ্গে যোগসাজশে ব্যাংক ঋণ আত্মসাৎ ও জমি দখলের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
যদিও গণমাধ্যমে তার ঋণ খেলাপির পরিমাণ ৭৬৫ কোটি টাকা বলা হচ্ছে, এলাকাবাসীর দাবি প্রকৃত অঙ্ক দেড় হাজার কোটি টাকারও বেশি।
ঋণ খেলাপি হওয়া, হলফনামায় তথ্য গোপন এবং জমি দখলসহ বিভিন্ন অভিযোগে শুধু প্রার্থী হিসেবে নয়, দল হিসেবেও বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন অনেক ভোটার।
আদালতের রায়ে কাজী রফিকুল ইসলাম পুনরায় ঋণ খেলাপি ঘোষিত হওয়ায় এলাকায় জনসাধারণের মধ্যে স্বস্তির অনুভূতি প্রকাশ পেয়েছে।
No comments