খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন
চ্যানেল টেন ডেস্ক ঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন চলছে। তার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে আছেন সেখানকার মানুষ ৷ শুধু বাগবাড়ি এলাকা নয়, বগুড়াজুড়েই শোক নেমে এসেছে।
বগুড়ার পুত্রবধূ বেগম খালেদা জিয়ার জন্য ওই অঞ্চলের মানুষের আবেগ ও অনুভূতি একান্তই ঘরোয়া ৷ তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। নিজেদের গর্বের ছেলের বউয়ের মৃত্যুতে পরিবারের সদস্য কিংবা স্বজন হারানোর মতোই সমব্যথী বগুড়ার সাধারণ মানুষও।
৪৩ বছর ধরে দল, দেশ এবং দেশের মানুষের স্বার্থে অবিচল-আপসহীন থাকা নেত্রীর ওপর বিগত দেড় দশক ধরে চলা অবর্ণনীয় নিপীড়নের কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে পড়েছেন স্থানীয় বিএনপি নেতারাও।
১৯৬০ সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। মহান মুক্তিযুদ্ধের দুঃসহ দিনগুলোতে জিয়াউর রহমান যখন যুদ্ধের ময়দানে কিংবা পরে তিনি যখন দেশের প্রেসিডেন্ট হন, তখন বেগম খালেদা জিয়া সব সময়ই থেকেছেন এমন বাঙালি বাড়ির ঘর-সংসার আর সন্তানদের সামলানো গৃহবধূ হিসেবেই। স্বামী যখন দেশ আর দেশের মানুষ নিয়ে ব্যস্ততায়, তার ব্যস্ততার কেন্দ্রবিন্দু তখন কেবলই দুই ছেলে আর তাদের সংসার।
No comments