ধুনটে নাশকতা মামলায় গ্রেপ্তার ১
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ককটেল নিক্ষেপের ঘটনায় ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গোপালনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেনকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন উপজেলার দেউরিয়া গ্রামের মৃত জেল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী সংবদ্ধ হয়ে গত ৩০ নভেম্বর মধ্য রাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে জয় বাংলা স্লোগান দেয়। এসময় তারা মুহুমুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়ে নাশকতা সৃষ্টি করে। হঠাৎ ককটেলের বিকট শব্দ শুনে যুবদল ও ছাত্রদলের কয়েক জন নেতাকর্মী বাহিরে এসে প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায় এবং প্রাণনাশের চেষ্টা করে। পরে ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আনোয়ার হোসেনের নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
No comments