শিরোনাম

নিজের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর



নিজের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর

চ্যানেল টেন ডেস্কঃ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান নিজের বিচার প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়ে আবেদন করেছেন সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ তার পক্ষে এই আবেদন উপস্থাপন করেন আইনজীবীরা। একই দিনে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। গত সোমবার (১৫ ডিসেম্বর) মামলার পঞ্চম সাক্ষী হিসেবে কাশিমপুর কারাগার-২–এর সাবেক ডেপুটি জেলার সাখাওয়াত হোসেন ট্রাইব্যুনালে জবানবন্দি দেন। তিনি জব্দ তালিকার সাক্ষী হিসেবে সাক্ষ্য উপস্থাপন করেন।

বাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইইউবাংলাদেশের সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন পাঠাচ্ছে ইইউ

পরবর্তী শুনানির জন্য বুধবার দিন নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২ নভেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা আটটি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন বিচারকরা আটটি অভিযোগই আসামির কাছে পড়ে শোনান। তখন ইনু নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।

এরও আগে গত ২৫ সেপ্টেম্বর জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যায় সহযোগিতাসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগ এনে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তী সময়ে ২৩ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে প্রসিকিউটর মিজানুল ইসলাম অভিযোগগুলো উপস্থাপন করেন। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আদালত প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা এই জাসদ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন।

ইউরোপে ফেরার গুঞ্জনের মাঝে চুক্তি নবায়নের আলোচনা শুরু নেইমারেরইউরোপে ফেরার গুঞ্জনের মাঝে চুক্তি নবায়নের আলোচনা শুরু নেইমারের

জুলাই-আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন ও উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। তদন্ত শেষে তদন্ত সংস্থার কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করেন এবং যাচাই-বাছাইয়ের পর উসকানি ও ষড়যন্ত্রসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনে প্রসিকিউশন।

ইনুর বিরুদ্ধে দাখিল করা ফরমাল চার্জে মোট ৩৯ পৃষ্ঠা রয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ২০ জনকে। পাশাপাশি প্রমাণ হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন।



No comments