শিরোনাম

বগুড়ায় ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে যুবলীগ নেতা-কর্মীসহ তিনজন গ্রেফতার


‎বগুড়া প্রতিনিধি:

‎অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগের এক নেতা ও এক কর্মীসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) তাদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

‎গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হারুন অর রশিদ (৪৮)। তিনি মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং চাঁচাইতারা গ্রামের বাসিন্দা। অপর গ্রেফতারকৃত হলেন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. স্মরণ (৩৫)। তিনি মৃত রফিক কামালের ছেলে এবং ফুলদিঘী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, অভিযানের সময় মো. স্মরণের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু (বিদেশি চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ফলে তাকে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

‎এছাড়া সিআর ওয়ারেন্টের ভিত্তিতে মো. আতিকুর রহমান রিপনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আজিজুর রহমান টুকুর ছেলে। তার বাড়ি শাজাহানপুর উপজেলার শালিকা গ্রামে এবং ডাকঘর গোহাইল। তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় সিআর নং–৪২৮সি/২৫ মামলা বিচারাধীন রয়েছে।

‎পুলিশ সূত্রে আরও জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডেভিল হান্ট ফেজ–২ অভিযান অব্যাহত থাকবে।

No comments