শিরোনাম

বগুড়ায় ইয়াবাসহ ডিবির হাতে বিএনপি নেতাসহ গ্রেফতার ৩




বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে একজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন—(১) শ্রী গোকুল চন্দ্র সাহা (৪২),(২) মোঃ তোফায়েল আহম্মেদ (১৯) এবং (৩) মোঃ ইমরান হোসেন মিলন (৩৪)।

এর মধ্যে ইমরান হোসেন মিলন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

ডিবি সূত্র জানায়, ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে বগুড়ার সোনাতলা থানাধীন মাদ্রাসা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উজিরপাড়া এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে প্রথমে গোকুল চন্দ্র সাহাকে আটক করা হয়।

তল্লাশিকালে তার হাতে থাকা সাদা পলিথিনের ভেতর থেকে হালকা গোলাপি রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।

জিজ্ঞাসাবাদে গোকুল চন্দ্র সাহা স্বীকার করেন, তিনি মোঃ তোফায়েল আহম্মেদ ও মোঃ ইমরান হোসেন মিলনের মাধ্যমে চোরাইপথে ইয়াবা সংগ্রহ করতেন। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেলে শাহাবাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে তোফায়েল আহম্মেদ এবং সোনাতলা পৌরসভার সামনে থেকে ইমরান হোসেন মিলনকে আটক করে ডিবি।

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত সাব-ইন্সপেক্টর শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

No comments