শিরোনাম

বগুড়ায় লোটো শোরুম ম্যানেজার হত্যা: সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার



‎বগুড়া প্রতিনিধিঃ

‎বগুড়ার দুপচাঁচিয়ায় আলোচিত লোটো শোরুম ম্যানেজার পিন্টু আকন্দ (৩৮) হত্যা মামলার অন্যতম সন্দিগ্ধ আসামি মোঃ জেলহজ আলী (৩০)-কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

‎২৬ /১২/২০২৫ শুক্রবার ভোরে গাইবান্ধা জেলার সদর থানাধীন পশ্চিম কোমরনই এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জেলহজ আলী বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ডিম শহর এলাকার  মোঃ মিঠু প্রামাণিকের ছেলে।

‎র‌্যাব জানায়, র‌্যাব-১২ সিপিএসসি বগুড়া, র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ও র‌্যাব-৪ সিপিএসসি-এর যৌথ অভিযানে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালিত হয়।

‎নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের বাসিন্দা। গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ৯টায় শোরুম বন্ধ করার সময় ৬ থেকে ৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত শোরুমে প্রবেশ করে পিন্টু আকন্দকে জোরপূর্বক, ঢাকা মেট্রো-চ ১৫-৩২৬৮ নম্বরের হায়েস (HIACE) মাইক্রোবাসে তুলে নেয়।

‎পরে বগুড়া জেলার আদমদীঘি থানাধীন ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমরভোগ গ্রামে একটি পুকুরপাড়ের পাশে পাকা সড়কের ওপর মাইক্রোবাসের ভেতরেই তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা মাইক্রোবাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।

‎এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সাবিনাজ খাতুন বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

‎তদন্তের একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে পশ্চিম কোমরনই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

No comments