গোবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার কেআইএসটি’র মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষর
চ্যানেল টেন ডেস্কঃ
গোবিপ্রবি প্রতিনিধি: ‘বায়োঅ্যাকটিভ পেপটাইড বাছাই ও রোগ নিরাময়ে বায়োঅ্যাকটিভ পেপটাইডের কার্যকর ভূমিকা’ শীর্ষক একটি যৌথ গবেষণা প্রকল্প বাস্তবায়নে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেআইএসটি)–র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।
বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর–এর উপস্থিতিতে তাঁর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে গোবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, এবং কেআইএসটি’র পক্ষে স্বাক্ষর করেন ড. চু ওয়ান নো।
গবেষণা প্রকল্পটি পরিচালিত হবে বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসান–এর তত্ত্বাবধানে। কেআইএসটি’র স্কুল পার্টনারশিপ প্রজেক্টের আর্থিক সহায়তায় ২০২৬ সালে প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়িত হবে।
মুখ্য গবেষক ড. মাহবুব হাসান জানান, মানবদেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন বায়োঅ্যাকটিভ পেপটাইডের কার্যকারিতা নিয়ে বিস্তৃত গবেষণার লক্ষ্যেই এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা করেন, গবেষণার ফলাফল ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
গবেষণা প্রকল্প প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতে গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
No comments