শিরোনাম

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ পলাতক আসামি আটক

 


বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ পলাতক আসামি আটক
বগুড়া প্রতিনিধি :

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার ৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ শাহাদাত হোসেন, পিপিএম-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহারের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বিস্ফোরক আইন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলার পলাতক আসামি। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ নজুরুল ইসলাম (৫০), শাজাহানপুর থানা যুবলীগের ১৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী (৪৮), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিনর ইসলাম সার্থক (৩০), শেরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জিকরুল হক জিকু (৩১), শাখারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু মিয়া (৪৪), গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মাহবুব করিম ডালিম (৪০), বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ সবুজ মণ্ডল (৩৪) এবং ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোঃ বাদল মণ্ডল (৩৪)।

ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


No comments