শিরোনাম

৩০লাখ ৮৩হাজার ৫’শ টাকা আত্মসাত মামলায় গ্রেফতার ডিমলা পিআইও অফিসের কার্য-সহকারী

চ্যানেল টেন ডেস্কঃ

৩০লাখ ৮৩ হাজার ৫’শ টাকা আত্মসাত মামলায় র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছেন নীলফামারীর ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কার্য সহকারী মশিউর রহমান। 

বুধবার দুপুরে (৩১ডিসেম্বর) রংপুর মহানগরের সিও বাজার এলাকার মামুনুর রশিদের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মশিউর দিনাজপুর জেলার বিরল উপজেলায় তার বাড়ী।

সুত্র জানায়, ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে পাশ হওয়া বিভিন্ন প্রকল্পের বিল প্রকল্প চেয়ারম্যানদের স্বাক্ষর জাল করে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন কার্য সহকারী মশিউর রহমান। 

গত ২৪ডিসেম্বর থেকে ২৮ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাবদ দুই দফায় ৩০লাখ ৮৩হাজার ৫শ টাকা অফিসে জমা না করে ডিমলা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাত করেন তিনি।

ঘটনার পর থেকে অফিসে না আসা এবং যোগাযোগ করেও সন্ধান না পাওয়ায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ডিমলা থানায় একটি প্রতারণা ও অর্থ আত্মসাত মামলা করেন। 

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, বুধবার  দুপুরে র‌্যাব-১৩ ও সিপিসি-২ নীলফামারীর যৌথ অভিযানে মামলার প্রধান আসামী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়।

No comments